বাংলাদেশ স্কাউটসের স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ বিভাগের পরিচালনায় ও দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় দশমাইলস্থ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ২০৩০ সালে দেশে ৫০ লক্ষ স্কাউট তৈরীর লক্ষে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে ২০২২-২০৩০ এর স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করে অগ্রাধিকার এলাকা চিহ্নিতকরণ, সম্ভাব্য সমস্যা ও তা সমাধানের উপায় নির্ধারন বিষয়ে আলোকপাত করা হয়। এতে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আওতাধীন ৮ টি জেলা ও ৫৮টি উপজেলা স্কাউটসের বর্তমান স্কাউট পরিসংখ্যান তুলে ধরে প্ল্যান বাস্তবায়নে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজিত ওয়ার্কশপে রিসোর্স পারশন হিসেবে বিভিন্ন সেশন উপস্থাপন করেন স্কাউটসের জাতীয় উপ কমিশনার মোঃ জামাল হোসেন, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, জাতীয় গ্রোথ কমিটির সদস্য শেখ আরিফুর রহমান, সহকারী পরিচালক শেখ সালমা খানম প্রমুখ। বিকেলে ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটসের সভাপতি প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ। ভারপ্রাপ্ত আঞ্চলিক কমিশনার আঞ্জুমান আরা এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন, আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ন) মোঃ আরিফ হোসেন চৌধুরী ও আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। ওয়ার্কশপে রংপুর বিভাগের জেলা ও উপজেলাসমূহের সম্পাদকসহ ৯৫ জন স্কাউটার অংশগ্রহণ করেন।