রংপুর বিভাগের আট জেলার স্কাউট সুতিকাগার দিনাজপুরের দশমাইলস্থ প্রশিক্ষণ কেন্দ্রে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হল ১৫ তম লাইফ স্কীল বেইজড এডুকেশন কোর্স। ৩১ মে ২০২৩ অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে কোর্স লিডার মোঃ আখতারুজ্জামান, দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, মাষ্টার ট্রেইনার সাজ্জাদুর রহমান, বীরগঞ্জ সরকারী কলেজের আরএসএল রুমানা ফারজানা, রংপুর ও গাইবান্ধা জেলার স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, পিয়ার এডুকেটর শহিদুল ইসলাম, আসিফ হাসান, তানভীর সিয়াম, মাইশা ফাইরুজ, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, “উন্নত জীবন দর্শনে প্রয়োজন মানবিক মূল্যবোধসম্পন্ন সৃষ্টিশীল মানুষ”। এ ধরনের কোর্স জীবনমুখী শিক্ষার পাশাপাশি আমাদের সামাজিক দায়বন্ধতার কথা মনে করিয়ে পারস্পরিক সুসম্পর্ক ও সুশূংখল সমাজ বিনির্মানে ভূমিকা রাখবে বলে তিনি মত দেন। কোর্সে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা উন্নত ও সুন্দর জীবনের প্রত্যাশায় নিজেদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলবার প্রতিশ্রুতি ব্যক্ত করে কোর্স থেকে বিদায় নেন। ২৯-৩১ মে ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত কোর্সে রংপুর ও দিনাজপুর জেলার ৪০ জন রোভার ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করে।