বরিশাল সদর উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বকশিরচর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন মোল্লাসহ (৭০) একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত সজিব সিকদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন। সজিব সিকদার ওই এলাকার রশিদ সিকদারে ছেলে ও পটুয়াখালীতে কর্মরত পুলিশ সদস্য। মঙ্গলবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নগরীর এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।
গুরুতর আহত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের অপর দুই সদস্যকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে ৫৮ শতক জমি নিয়ে রশিদ সিকদার ও তার ছেলে পুলিশ সদস্য সবিজ সিকদারের সাথে প্রতিবেশী মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের বিরোধ চলে আসছে। এ ঘটনায় ২০১৩ সালে রফিজ উদ্দিন একটি মামলা দায়ের করেন। অতিসম্প্রতি আদালত থেকে মামলায় রায় আসে মুক্তিযোদ্ধার রফিজ উদ্দিনের পক্ষে। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে সোমবার বিকেলে বকশিরচর গ্রামের মাঝি বাড়ির মসজিদের সামনে বসে মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিন, তার ছেলে সিজান মোল্লা (৩৫) ও পুত্রবধূ নাসরিন বেগমকে (২৭) কুপিয়ে হত্যার চেষ্টা চালায় পুলিশ সদস্য সজিব ও তার লোকজনে।
ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত পুলিশ সদস্য সজিব সিকদারকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।