শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

ভাড়া বাড়ল নৌপথে পণ্য পরিবহনে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে পরিবহনের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। বৃহস্পতিবার (১১ আগস্ট) ডব্লিউটিসি’র নির্বাহী পরিষদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।

সংস্থাটি জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌপথে পণ্য পরিবহনে ১৫ থেকে ২২ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা ৬ আগস্ট থেকে কার্যকর দেখানো হয়েছে।

জানা গেছে, লাইটার জাহাজ মালিকদের বিভিন্ন সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইন ল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের নেতারা যৌথভাবে এই সিদ্ধান্ত নেন।

ডব্লিউটিসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট এবং কুতুবদিয়া থেকে ঢাকা, বরিশাল ও চাঁদপুর গন্তব্যে পণ্য পরিবহনের জন্য বিদ্যমান ভাড়ার ২২ শতাংশ বাড়ানো হয়েছে। দেশের অন্যান্য গন্তব্যে বিদ্যমান ভাড়ার চেয়ে ১৫ শতাংশ বেশি দিতে হবে। তবে অভ্যন্তরীণ গন্তব্যে অর্থাৎ চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গর থেকে কর্ণফুলী নদীর উপকূলে বিভিন্ন ঘাটে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানোর বিষয়টি একমাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নতুন ভাড়া ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে বলে সিদ্ধান্ত হয়। অর্থাৎ যেসব জাহাজ ৬ আগস্ট থেকে আগের ভাড়ায় পণ্য পরিবহন করেছে তাদের কাছ থেকে নতুন ভাড়ার পরিমাণ সমন্বয় করা হবে।

ভাড়া বৃদ্ধির ব্যাপারে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ বলেছেন, ‘আমরা নিজ থেকে ভাড়া বাড়াইনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে সেই বর্ধিত দামের সঙ্গে ভাড়া সমন্বয় করেছি। যদি জ্বালানি তেলের দাম কমে, ভাড়াও কমিয়ে পুনরায় সমন্বয় করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর