ময়মনসিংহের নান্দাইল মডেল থানার পুলিশ শুক্রবার রাতে নান্দাইলের নরসুন্দা নদের তারের ঘাট বাজার এলাকা থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশটি মুশুলী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত গোলাপ মিয়ার পুত্র সুরুজ মিয়ার বলে জানাগেছে। সুরুজ মিয়ার মা মোর্শেদা খাতুন নান্দাইল মডেল থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, ৭ সেপ্টেম্বর উক্ত সুরুজ মিয়া চুল কাটার জন্য বাড়ি থেকে ১শত টাকা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ৮টা ৩০ মিনিটে পুলিশ খবর পেয়ে নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে। উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর মর্গে প্রেরণ করা হয়েছে বলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানিয়েছেন।