খাগড়াছড়ির রামগড়ে আতাউল করিম শিবলু (৩৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর)বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিবলু তৈছালপাড়া এলাকার বাসিন্ধা নুরুল করিম এর ছেলে ও ওই এলাকার সাবেক কমিশনার রেজাউল করিম ফোরকানের ছোটভাই। নিহত শিবলু রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাতের কোন একসময় শিবলু আত্মহত্যা করেছে। তার স্ত্রী সন্তান ঢাকা অবস্থান করছেন এবং সে একা ঘরে ছিলো। সকালে তার স্ত্রী বেশ কয়েকবার ফোন দিয়ে স্বামীর কোন সাড়া না পেয়ে নিহতের বড় ভাইকে জানায়।দরজায় ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙ্গে পুলিশ ঝুলন্ত মরদেহ দেখতে পান। নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান জানান, রাতে দুই ভাই এক সাথে ভাত খেয়েছি । পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যান । তবে তার ভাই বেশ কয়েক বছর মানসিক সমস্যায় ভুগছিলেন,যার চিকিৎসাও চলছে বলে তিনি জানান। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান বলেন, আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করি।প্রাথমিত তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।