টাঙ্গাইলের ভূঞাপুরে ফসলি জমিতে অবৈধ বালুর ঘাট তৈরি করে বালুর ব্যবসা বন্ধ ও দখলকৃত জমি ফেরতসহ ক্ষতি পূরণের দাবিতে সড়কে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।
২১ মে (শনিবার) সকাল ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাটিতা পাড়া ভূমি মালিকবৃন্দরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে জমি মালিক আকবর হোসেন প্রামানিক বলেন, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিন সরকারসহ তার সহযোগিরা দীর্ঘদিন ধরে ফসলি জমি দখল করে বালু ব্যবসা পরিচালনা করে আসছে। তার থেকে জমি ফেরত চাওয়ায় আমাদের জমি মালিকদের নানাভাবে হয়রানি ও নির্যাতন করে।
আরেক জমির মালিক ফৈরদোস ফকির বলেন, সম্প্রতি রমজান মাসে পাটিতাপাড়া নজরুলের বালুঘাটকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তার কয়েকদিন পরে মতিন সরকারের লোকজন আমাকে মিথ্যা মামলা অভিযোগে থানা পুলিশ মধ্যে রাতে জোর করে বাড়ি থেকে ওয়ারেন্ট ছাড়াই হ্যান্ডক্যাপ পড়িয়ে তুলে নেয়ার চেষ্টাসহ শারীরিক নির্যাতন করে। মতিন সরকারের অত্যাচারে ভয়ে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জমির মালিক ফিরোজ ফকির, ইতি খাতুন ও ফেরদৌস-সহ অন্যারা। এসময় মানববন্ধনে ভুক্তভোগীরাসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনের বিষয়ে নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, ভুক্তভোগীদের জমি দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে। সেই বেদখলকৃত নিজস্ব রেকর্ডকৃত সম্পত্তি ফেরত পাওয়ার লক্ষ্যে মিডিয়া ও গণমাধ্যমকর্মীদের উপস্থিততে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। আমি যতটুকু জানতে পেরেছি আমাদের সাবেক চেয়ারম্যান মতিন সরকারের লোকজন বিভিন্নভাবে জোর জবরদস্তি করে কোন পাওনা না দিয়ে বালু ব্যবসা করে আসছেন।
তিনি আরো বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে বলেন আগামী ২৫ মে জমির মালিকসহ সবাইকে উপস্থিত থেকে জমির দলিল অনুযায়ী যার জমি তাকে থেকে বুঝিয়ে দেবেন।
#CBALO/আপন ইসলাম