সরকারি নির্দেশনা মোতাবেক শেরপুরের শ্রীবরদীতে কঠোর লকডাউন বাস্তবায়নে সর্বদা তৎপর উপজেলা প্রশাসন। আজ শনিবার (২৪ জুলাই) লকডাউনের ২য় দিনে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্দেশনা অমান্য করায় ১৩টি মামলায় ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৬টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও।
এছাড়াও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় পুলিশ প্রশাসন, বিজিবি,আনসার বাহিনী ও রক্তসৈনিক শ্রীবরদী টিমের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
অপরদিকে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ উপজেলা বিভিন্ন বাজারে টহল জোরদার করেছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সবাইকে নিরাপদে ঘরে রাখতেই আমারা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। জুরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।
তিনি আরো বলেন, বিশেষ প্রয়োজনে বাইরে বের হলেও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি করলে আইনের আওতায় আনা হবে। করোনার সংক্রমণ ঠেকাতে সচেতনার কোন বিকল্প নাই।
#চলনবিলের আলো / আপন