জামালপুর ‘যেকোন প্রয়োজনে পুলিশ আছে আপনার পাশে’ এই স্লোগানে জামালপুর জেলা পুলিশ জরুরি প্রয়োজনে সেবা দিতে হটলাইন নাম্বার উদ্বোধন করেছে। কেন্দ্রীয় বাসটার্মিনালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সফিউর রহমান, পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম,, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) কাজী শাহনেওয়াজ প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় বাসস্টান্ড, রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীবাহী বাস, সিএনজি, ইজিবাইকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জরুরি প্রয়োজনে জাতীয় সেবা পুলিশের হটলাইন নাম্বারের স্টিকার, সাইনবোর্ড এবং ফেস্টুন লাগানো হয়।
জেলা প্রশাসক মো. সফিউর রহমান বলেন, স্বাভাবিকভাবে মানুষ যেন চলাফেরা করতে পারে আমাদের জেলা প্রশাসন ও জেলা পুলিশ এ বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
পুলিশ সুপার মো: কামরুজ্জামান বলেন, জনগণের জানমাল রক্ষার্থে আইন অনুযায়ী আমাদের যা যা করণীয় আমরা সবরকম প্রস্তুতি নিয়েছি।