চট্টগ্রামে এক পুলিশ সদস্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)। শনিবার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- আশরাফুল হাসান তানভীর (২৯), আবু মুসা (৪০) ও প্রাইভেটকার চালক এজাহার মিয়া (৩২)।গাড়িতে থাকা আইমান চৌধুরী নামের একজন তাৎক্ষণিক পালিয়ে যায়। সে ফটিকছড়ির ভুজপুর থানার বাগানবাজার এলাকার রতন চৌধুরীর ছেলে।এদের মধ্যে আশরাফুল হাসান তানভীর ফটিকছড়ির বাগানবাজার এলাকার বাগান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্করের ছেলে।
খাগড়াছড়ি জেলার রামগড় থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত।তারা যোগসাজশ করে মাদকদ্রব্য বেচাকেনা করত।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, একটি প্রাইভেটকারে ফেনসিডিলের চালান যাচ্ছে বলে তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে রাস্তায় গাড়িটি আটকে তল্লাশি করা হয়। এতে ৯৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। সঙ্গে তিন মাদক কারবারিও গ্রেপ্তার হয়। তারা পরস্পর যোগসাজশ করে দীর্ঘদিন মাদক কারবার চালিয়ে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তার আশরাফুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাগড়াছড়ি জেলা পুলিশকে জানানো হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার আটকের খবর আমরা শুনেছি।সে সাতদিনের ছুটিতে ছিলো। তিনি আরো জানান, পুলিশ কনস্টেবল আশরাফুল ২০১৫ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।গত দেড় মাস আগে বদলি হয়ে রামগড় থানায় যোগদান করে সে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দীন বলেন,অফিসিয়ালি জানানো হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।