বরিশালের আগৈলঝাড়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রার্থীদের সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রকিবুর রহমান খান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) আব্দুর রব হাওলাদার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার নুরুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার ও ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রট নেহের নিগার তনু, থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার, রিটার্নিং অফিসার মিজানুর রহমান ও মো. সহিদ উল্ল্যাহ।
উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা’র সঞ্চালনায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫জন সাধারণ সদস্য ও ৫জন সংরক্ষিত সদস্য আসন্ন নির্বাচন নিয়ে তাদের আশংকার কথা তুলে ধরে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
আইন শৃংখলা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দি প্রার্থীরা।
সভায় ওসি গোলাম ছরোয়ার তার বক্তব্যে- জনগনের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আসন্ন ইউপি নির্বাচনকে গণমুখি করতে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরীর জন্য পেশী শক্তি, হুমকি-ধামকি, কারচুপি, হামলা-সংঘর্ষ, কালো টাকার প্রভাব মুক্ত রেখে সাধারণ জনগনের তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদানের শতভাগ নিশ্চয়তা প্রদানের আশ^াস প্রদান করেন।
প্রধান অতিথির অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রকিবুর রহমান খান তার বক্তব্য বলেন- কেউ আচরণবিধি লংঘন করে পেশী শক্তির ব্যবহার করতে চাইলে তার বিরুদ্ধে আইন মৃংখলা বাহিনী তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহন করবে। সভায় শান্তিপূর্ণভাবে সকল জনগনকে ভোট উৎসবে অংশ গ্রহনেরও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
শুধুমাত্র পাঁচটি ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৪৭জন, সাধারণ সদস্য পদে ১৭৬জনসহ মোট ২২৩জন প্রার্থী আগামী ১১নভেম্বর নির্বাচনের জন্য প্রতিদ্বন্দিতা করছেন।