যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকায় বুধবার গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত আনুমানিক ১২টার দিকে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অ-বিস্ফোরিত ককটেল উদ্ধার করে এবং তা আলামত হিসেবে জব্দ করে। একই সঙ্গে আশপাশের এলাকা তল্লাশি চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের এমন তৎপরতায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কয়েকজন বাসিন্দা বলেন, “রাতের বেলায় হঠাৎ এমন বিস্ফোরণ আমাদের জন্য খুবই ভীতিকর। শিশু ও বৃদ্ধরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না।”
উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে অভয়নগর উপজেলায় এটি দ্বিতীয় ককটেল বিস্ফোরণের ঘটনা। ধারাবাহিক এসব ঘটনায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।
বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন সকালেও পুলিশের একটি দল এলাকায় পুনরায় উপস্থিত হয়ে ককটেল বিস্ফোরণের স্থান ও আশপাশের এলাকা ঘুরে দেখে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ককটেলটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র এক সপ্তাহ আগে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ভোটকেন্দ্র ও নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করাই এসব ঘটনার উদ্দেশ্য হতে পারে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল বাড়ানোর আহ্বান জানান।