ময়মনসিংহের নান্দাইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে । বৃহস্পতিবার (১৪মার্চ) রাত সোয়া ২টার দিকে নান্দাইল পৌরবাজারের স্বর্ণপট্রিতে এ অগ্নিকান্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আ. মতিন মীরের স্বর্ণের দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন মিয়া বলেন, আগুনে আমার দোকানসহ ১০ ব্যবস্থা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এই আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। কীভাবে আগুন লাগল বা কী পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।