টাঙ্গাইলের নাগরপুরে মতবিনিময় সভা করেছে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক টাঙ্গাইল দক্ষিণ এর আয়োজনে, উপজেলার কৃষি ব্যাংকের সকল শাখা এতে অংশগ্রহণ করে।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে বাংলাদেশ কৃষি ব্যাংক দক্ষিণ এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. ফরহাদুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-ব্যবস্থাপক আ. স. ম. বাবর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সকল শাখার কৃষি ব্যাংক ও এর গ্রাহকগণ।
গ্রাহকদের সাথে ব্যাংক ও গ্রাহকদের সম্পর্ক উন্নয়ন এবং কাস্টমার সেবা বৃদ্ধির লক্ষে এ বিষয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও কিভাবে এসব প্রতিবন্ধকতা দূর করে গ্রাহক সেবা ও সম্পর্ক আরো বৃদ্ধি করা যায়, সেসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
এছাড়াও উপজেলার সকল শাখার ঋণ প্রত্যাশীদের মধ্যে ২৭ জন গ্রাহকের মাঝে ৬৪ লাখ ২০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।
দীর্ঘদিন পর ব্যাংক ও গ্রাহকদের সাথে এমন মতবিনিময় সভায় সর্বস্তরের গ্রাহকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মত বিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।