যশোরের অভয়নগর উপজেলার বাশুয়াড়ী ক্যাম্প পুলিশ ৫ লাখ টাকা চাঁদা দাবির চিঠি ও ককটেল সাদৃশ্য বস্তুসহ দুই চাঁদাবাজকে আটক করেছে। অভয়নগর থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের আলমগীর শিকদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে একটি লাল কসটেপ দিয়ে পেঁচানো ককটেল সাদৃশ্য বস্তু ও ৫লাখ টাকা চাঁদা দাবির চিঠিসহ দুই চাঁদাবাজকে আটক করেন।এবিষয়ে অভয়নগর থানা পুলিশের এসআই মোকাররম আলী জানান, আটককৃতরা হলেন- উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জুবায়ের ইসলাম লিপু (৩৩) ও মৃত জহর আলী খাঁর ছেলে আজিবর খাঁ (৩৫)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। যার মামলা নং ২৫, তারিখ ২৫-২-২০২৪। অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, চাঁদাবাজ দুই আসামীকে আটকের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।