ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার নিয়োগ বাণিজ্য, উক্ত নিয়োগ বাতিল ও জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে মাদ্রাসার সাবেক, বর্তমান ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী। মানববন্ধনে মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হাজী মো. আজিম উদ্দিন, পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহ-আলম হেলিম মাহিন, চন্ডিপাশা ইউনিয়নের ইউপি সদস্য মাহফুজুল বারী তালুকদার, মাদ্রাসার সাবেক শিার্থী মিজানুর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান ও আকরাম হোসেন সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার নিয়োগ বানিজ্যের সাথে জড়িত মাদ্রাসার সভাপতি, সুপারের শাস্তি ও নিয়োগ বাতিলের দাবি করেন। উল্লেখ্য, ধুরুয়া ডি.এস দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের ভাগ-বাটোয়ারা দ্বন্দ্বের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। এতে মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির ও বিদ্যোৎসাহী সদস্য উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ আলমের মধ্যে নিয়োগ বাণিজ্যের ১৩ লাখ টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দের কথোপকথন হয়। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের টাকা ফাঁসের অডিও ফাঁস “শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।