ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আগুনের বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কোখন মিয়া জানান, ঘুম থেকে উঠে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই তিনতলা বিশিষ্ট একটি ভবনের নীচ তলার তিনটি ক্লাস রুম ও অন্য একটি বিল্ডিংয়ের কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ নং ওয়ার্ডের ২১৮৫ জন ভোটার এই ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে ।
নান্দাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি ক্লাস রুম সম্পূর্ণ রূপে পুড়ে গেছে। এছাড়াও বাহিরে দিকে থাকা একটি পরিত্যক্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু তিন তলা ভবন ভোট গ্রহণনে কোন রূপ সমস্যা হবে না। তিনি আরও জানান, রাতের আঁধারে কে বা কারা এই কাজ করেছে তা বলা যাচ্ছে না। বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত করে দেখছে। সহকারী রিটার্নিং অফিসার ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল জানান, এবিষয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।