টাঙ্গাইলের ভূঞাপুরে নেশার টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ ছেলে হেলাল মিয়াকে (২৬) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
নিহত শফিকুল ইসলাম (৬০)। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হেলাল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বেতুয়া পলিশা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হেলাল মিয়ার মা শেফালী বেগম ভূঞাপুর থানায় তার ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাত ১১ টার দিকে হেলাল মিয়া তার বাবার কাছে নেশার টাকা চান। টাকা না দেওয়ায় বাড়ির উঠানে মায়ের সামনে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। পরে বাবার চিৎকারে হেলালের বড় ভাই দুলাল মিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বাড়িতে আসার পর মঙ্গলবার সকালে মারা যান।
মা শেফালী বেগম বলেন, ছেলে বখাটে ও নেশাগ্রস্থ ছিল। কোনো কাজ-কর্ম করতো না। নেশার টাকা জোগাতে না পেয়ে তার বাবার সাথে ঝগড়ার একপর্যায়ে মাথায় আঘাত হত্যা করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়।