ঝালকাঠি জেলা বিএনপি ও সমমনা দলের চলমান অবরোধের পক্ষে ঝালকাঠিতে মিছিল ও পিকেটিং করেছে জেলা বিএনপি। ৭ ধাপের অবরোধের প্রথম দিন রবিবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু সহ দলের নেতাকর্মীরা। এছাড়াও যুবদল ও ছাত্রদল আলাদালভাবে মিছিল বের করে।
বরিশাল-ঝালকাঠী আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ সালাউদ্দিন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে নেতাকর্মীরা। এতে ঝালকাঠী জেলা, উপজেলা, পৌর এবং সরকারী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার এর নেতৃত্বে মিছিল হয়েছে ঝালকাঠী – পিরোজপুর আঞ্চলিক সড়কের পশ্চিম ঝালকাঠি এলাকায়। জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানের নেতৃত্বে সকালে শহরতলীর প্রতাব এলাকায় আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়েছে। অবরোধের মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধিনে দেওয়ার দাবি জানিয়ে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল নেতাকর্মীদের মুক্তি চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পিকেটিং করে বিএনপি এবং যুবদল নেতাকর্মীরা।
এদিকে অবরোধ কর্মসূচির কারণে ঢাকাসহ দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে লঞ্চ চলাচল স্বাভাকি রয়েছে। জনমনে উদ্বেগ উৎকন্ঠা রয়েছে।শহরের বিভিন্ন পয়েন্টে এবং আঞ্চলিক মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।