দুর্বৃত্তদের আগুন ও ভাঙচুরের শিকার হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি বাস। শনিবার (২৫ নভেম্বর) সন্ধা সাড়ে ৭ টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে পার্কিং করা বাস এ হামলা করা হয়। এসময় বাসটিতে কোন যাত্রী ছিলোনা। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সন্ধ্যায় কে বা কারা দাঁড়িয়ে থাকা একটি বাসে ভাঙচুর করে তাতে আগুন দেয়। পরে স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসের ভেতরে বেশ কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্হল পরিদর্শন করেন, সিলেট মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বাসে আগুন ও ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো: খালেদ মামুন বলেন, দুর্বৃত্তরা একটি বাসে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্হলে যাই। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, যে বা যারা এঘটনা ঘটিয়েছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।