শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

আত্রাইয়ে মাঠভরা পাকা ধান, কৃষকের মুখে মুখে স্রষ্টার নাম

রুহুল আমিন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৫:০৭ অপরাহ্ণ

নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন মাঠে বোরো ধান পাকতে শুরু করেছে। অনেক স্থানে আগাম জাতের বোরো ধান কাটাও শুরু হয়ে গেছে। মাঠভরা ধান, ধানের ভারে ন্যুয়ে পড়েছে শীষ। অধিকাংশ মাঠগুলোতে ধান পাকতে শুরু করেছে। ধানের সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে মাঠের পর মাঠ। এ যেন এক মনোরম দৃশ্য। তারপরও কৃষকদের মুখে মুখে এখন শুধু আল্লাহ-বিল্লাহ। যেন যে কোন প্রকার প্রতিকূলতা থেকে হেফাজত করে মহান স্রষ্টা এ আবাদ ঘরে তোলার সুযোগ করে দেন।

জানা যায়, চলতি রবি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী, পাঁচুপুর ও বিশা ইউনিয়ে সর্বাধিক পরিমান জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এবারে বোরো মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের বোরোচাষে কোন সমস্যায় পড়তে হয়নি। বিশেষ করে বীজতলা থেকে ধান রোপন ও পরিচর্যা সব মিলিয়ে মাঠে মাঠে কৃষকের ধান এখন দর্শনীয় হয়ে উঠেছে। অনেক মাঠে ধান পাকতে শুরু করেছে। আগাম জাতের বোরো ধান কোন কোন স্থানে কাটতেও শুরু করেছে। তারপরও অধিকাংশ মাঠগুলোতে ধানের শীষের সাথে এখন দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। মাঠের পর মাঠ সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে। আসন্ন ঈদুল ফিতরের পর থেকেই পুরোদমে শুরু হবে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তাই সব কৃষকদের মুখে মুখে এখন আল্লাহর নাম। তারা শুধু আল্লাহ-বিল্লাহ করছেন যাতে করে কোন দুর্যোগ এসে তাদের স্বপ্ন চুরমার করে না দেয়।

উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের রেজাউল করিম টিপু ও আক্তার হোসেন বলেন, এবারে আমাদের মাঠে বোরো ধানের ব্যাপক চাষ হয়েছে। এর প্রায় সবগুলোতেই জিরাসাইল ধানের আবাদ করা হয়েছে। মাঠের সব ধানই পাকতে শুরু করেছে। ঈদের পর থেকেই পুরোদমে কাটা মাড়াই শুরু হবে। এ সময় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা তিনি যেন যে কোন প্রকার দুর্যোগের কবল থেকে আমাদের আবাদকে রক্ষা করেন। উপজেলা কৃষি অফিসার তাপস চন্দ্র রায় বলেন, বোরো চাষের শুরু থেকেই ভাল মানের বীজ, জমির উর্বরতা বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি। বর্তমানে কিছু কিছু এলাকাতে ধান কাটা শুরুও হয়েছে। এগুলো জমিতে ফলনও বাম্পার হচ্ছে। তারপরও যেসব জমির ধান ৮০ ভাগ পেকে গেছে ওই সব জমির ধান দ্রুত কেটে নিতে আমরা কৃষককে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর