শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতি সেজে উঠেছে ফুলে ফুলে। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে মঙ্গলবার সকাল থেকে বরিশাল সরকারী মহিলা কলেজের বকুল তলায় দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষকরা বলেন, বসন্ত মন উদার করে, হাসতে শেখায়, গাইতে শেখায়, মানুষকে ভালবাসতে শেখায়। আজকের শিক্ষার্থীরা যদি মানুষকে ভালবাসতে না পারে, তাদের মন যদি উদার না হয়, তাহলে তাদের এই প্রয়াস ব্যর্থ। অপরদিকে নগরীর জগদ্বীশ সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে বসন্ত বরণ উৎসবের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী এবং বরিশাল নাটক’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উদ্বোধণ করেন মেয়র পত্নী লিপি আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন। অন্যদিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।