টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রফিকুল ইসলাম উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বনমালী গ্রামের জোয়াদ আলী সরকারের ছেলে। গোপালপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রায় দশদিন আগে তিনি গোপালপুর পৌরশহরের নিজ বাসায় বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর দগ্ধ হন।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পরপরই তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।