শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. তাহমিদুল ইসলাম বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাস ও ঐক্যের স্মারক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিমুদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আলী, উপজেলা প্রকৌশলী বাকীবিল্লাহ এবং বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দেবোত্তর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলাল।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আটঘরিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সেরে সাজিম রানা। সংগীত পরিবেশন করেন জান্নাতুল ফেরদৌস মুক্তা।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর