শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ (সিজন ২) এর উদ্বোধন

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে সারা দেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার সময় প্রজেক্টর এর মাধ্যমে উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ক্রীড়া শিক্ষক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম খান। এ ছাড়া ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে ক্রীড়াঙ্গনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

বক্তারা মনে করেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা ও সুস্থ মানসিকতা গঠনের অন্যতম হাতিয়ার। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন ফরিদপুর উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর