শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন

বিএনপি-জামায়াত নেতাদের উপস্থিতিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং বিএনপি নেতা মশিয়ার রহমান মশি। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সহনশীলতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা এবং উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম।

ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় ঐক্যের প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর