মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

রাণীনগরে চেতনানাশক স্প্রে করে বাড়িতে চুরি, গৃহবধূকে মারধর

নওগাঁ প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে গভীর রাতে বাড়িতে ঢুকে চেতনানাশক জাতীয় পদার্থ স্প্রে করে স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ সময় চোরদের দেখে ফেলায় এক গৃহবধূকে মারধর করে পালিয়ে যায় তারা। শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে ফিরোজ মন্ডলের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফিরোজ মন্ডল জানান, শনিবার গভীর রাতে চোরেরা তাঁর দোতলা বাড়ির জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। পরে সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে গলার হার, হাতের চুড়ি, কানের দুল ও পায়ের নূপুরসহ প্রায় এক ভরি এক আনা স্বর্ণালংকার, সাত ভরি রুপার গহনা এবং নগদ এক লাখ টাকা চুরি করে। এ ছাড়া একটি ফুটবল ও এক জোড়া জুতাও নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে তাঁর স্ত্রী বাড়ির ভেতরে কয়েকজনকে দেখতে পান। এ সময় চোরেরা তাঁকে মারধর করে পালিয়ে যায়।
ফিরোজ মন্ডল বলেন, তিনি আবাদপুকুর বাজারে রাতের পাহারাদার হিসেবে কাজ করেন। রাতে তিনি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁর ধারণা। তাঁর দাবি, চোরেরা সুগন্ধিযুক্ত চেতনানাশক জাতীয় কোনো পদার্থ স্প্রে করেছিল। এতে বাড়ির অন্য সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর