দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলার চৌহালী নৌ ঘাট থেকে বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান ইউনিয়নে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আনুমানিক প্রায় ৬০ হাজার মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে জোতপাড়া নৌ ঘাট এলাকায় জব্দকৃত সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চৌহালী মৎস্য অফিসার মোঃ রকিবুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের সিনিয়র ক্ষেত্র সহকারী মো, শফিকুল ইসলাম শফি, চৌহালী থানা পুলিশ।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ যৌথভাবে সহায়তা প্রদান করে।
সংশ্লিষ্ট কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, অবৈধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এই ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে তিনটি এতিমখানায় জব্দকৃত ৩০কেজি মাছ বিতরণ করা হয়।