খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ২০ লক্ষ টাকার অবৈধ গাছ রামগড় বনবিভাগে জমা দিয়েছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সদস্যরা।আজ শনিবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা বনবিভাগে এই গাছ জমা দেন।
গত বৃহস্পতিবার (২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্প হতে সেনা সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানকালে রামগড় উপজেলার নাকাপা এলাকা হতে ১০০০ সিএফটি অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য অন্তত ২০ লক্ষ টাকা। আজ শনিবার জব্দকৃত কাঠগুলো রামগড় বন বিভাগ হস্তান্তর করা হয়েছে।
রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী সূত্র জানায়, পাহাড়ে বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনা অভিযান অব্যাহত থাকবে।