যশোরের অভয়নগর উপজেলায় কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের উপর বসে দুই যুবক ফ্রি-ফায়ার গেম খেলার সময় খুলনাগামী ট্রেনের ধাক্কায় একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া জুবায়ের হোসেন (২১) নামের এক যুবককে পা কাটা অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফফাত শারমীন দীপ্তি জানান, ট্রেনে কাটা দুই যুবকের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
নওয়াপাড়া স্টেশনমাস্টার বুলবুল আহমেদ বলেন, অভয়নগর থানা সূত্রে আমি বিষয়টি জানতে পেরেছি। তবে বিস্তারিত কিছু জানতে পারিনি, বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন