‘‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’’ এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার দুপুর বারোটায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আলম।
মতবিনিময় সভায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ রক্ষা ও বংশ বিস্তারের জন্য গুরুত্বারোপ করে মাছের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরী করাসহ অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল বিক্রি, মজুদ ও ব্যবহারের ক্ষেত্র তৈরী না করার জন্য প্রশাসনের অভিযান পরিচালনার উপর জোর দেয়া হয়। এজন্য প্রশাসনের পক্ষ থেকে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার পাঁচটি ইউনিয়নে মাইকিংসহ ব্যাপক প্রচার প্রচারানার উপরও গুরুত্ব দেয়া হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম, রোজিনা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।