সদর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হামলার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দলীয় নেতাকর্মীদের নামে পৃথক দুটি মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা ও মহানগর মহিলা আওয়ামীগের আয়োজনে শুক্রবার বিকেলে নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। এছাড়া সিটি মেয়রের ওপর গুলিবর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবী করেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি খালেদা হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা, গায়েত্রী সরকার, জেলার সহসভাপতি শ্যামলী সাহা, বিসিসির সংরক্ষিত কাউন্সিলর সালমা আক্তার প্রমুখ।
বক্তারা হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, অনতিবিলম্বে মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃতদের মুক্তি দেয়া না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ, সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলরগণ, নগরীর ৩০টি ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার সকাল থেকে নগরীতে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার কথা থাকলেও বরিশালের পরিস্থিতি শান্ত থাকায় এ মূহুর্তে বিজিবি নামানোর কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। তবে প্রয়োজন হলে তার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে বলেও তিনি (বিভাগীয় কমিশনার) উল্লেখ করেন।
#চলনবিলের আলো / আপন