চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ হারানো মারুফের বাড়িতে নাশকতার প্রস্তুতির অভিযোগে অভিযান। যশোরের অভয়নগর উপজেলায় আর্মি ক্যাম্পের নিজস্ব তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মূল অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে আনুমানিক ১টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া পূর্ব পাড়া এলাকায় আব্দুল্লাহ আল মারুফ (২৭) এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে তার বসতঘর ও গোয়ালঘর তল্লাশি করে ৪টি পেট্রোল বোমা, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি এ্যামুনিশন, ১টি হকিস্টিক, ৫টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মারুফের বাড়িতে এ অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল। অভিযানের সময় মারুফকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগেও আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র প্রদর্শন করে চাঁদা আদায়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী থানা পুলিশের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।