বাংলাদেশ প্রকাশনী আয়োজিত ‘লেখক সম্মাননা অনুষ্ঠান ২০২৬’ শুক্রবার (২৭নভেম্বর) বিকাল ২টায় আ.কা.মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়াম, মেট্রোরেলের পশ্চিম পার্শ্বে তুলা উন্নয়ন বোর্ড- ফার্মগেট, ঢাকা-১২১৫ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মাননা লাভ করেছেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান মো. আমিরুল ইসলাম আলোক। তিনি নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাচআরড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন।
সাহিত্য ও লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এ প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে মো. আমিরুল ইসলাম আলোক জানান, বাংলাদেশ প্রকাশনী আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে সম্মানিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য কবি ও পরিবেশবিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. নজরুল ইসলাম, তৈমুর আলম, মো. আবু সাঈদ খান ও হাসান মোসাদ্দিকসহ বাংলাদেশ প্রকাশনীর সম্মানিত উপদেষ্টাবৃন্দ। পাশাপাশি দেশের খ্যাতনামা নবীন ও প্রবীণ সাহিত্যিক, কবি, লেখক এবং সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানটিকে আলোকিত করেন।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আমিরুল ইসলাম আলোক বলেন, এমন গুণীজনদের সান্নিধ্যে এই স্বীকৃতি তার লেখালেখির পথচলায় নিঃসন্দেহে বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় তিনি আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকাশনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।