মেরুদণ্ডের জটিল রোগের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে জেলার একটি বেসরকারি হাসপাতালে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও স্বল্প কাটাছেঁড়ার এ অস্ত্রোপচারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত মেরুদণ্ড চিকিৎসার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সাতক্ষীরার কাটিয়া এলাকার ৫৫ বছর বয়সী জেবুননাহারের শরীরে এ অস্ত্রোপচার করা হয়। স্পাইন সার্জন ডা. মাহমুদুল হাসান পলাশের নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত টিম অস্ত্রোপচারটি সম্পন্ন করেন।
রোগীর ছেলে শিবলু জানান, মেরুদণ্ডের সমস্যায় তার মা দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চিন্তাও করেছিলেন তারা। তবে সাতক্ষীরাতেই আধুনিক প্রযুক্তিতে অস্ত্রোপচারের সুযোগ হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক পদ্ধতি। এতে শরীরের বড় অংশ কাটার পরিবর্তে ছোট ছিদ্র দিয়ে বিশেষ ক্যামেরা ও সূক্ষ্ম অস্ত্রোপচার যন্ত্র ব্যবহার করে চিকিৎসা করা হয়। রোগীর অবস্থা ও রোগের ধরন অনুযায়ী এ পদ্ধতিতে কাটাছেঁড়া, রক্তক্ষরণ, অস্ত্রোপচার-পরবর্তী ব্যথা এবং হাসপাতালে অবস্থানের সময় কম হতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও তৈরি হয়।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ডা. মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারিতে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি সাতক্ষীরায় একাধিক অগ্রণী অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সাতক্ষীরায় প্রথম টোটাল হিপ সার্জারি সম্পন্ন করেন তিনি। এ ছাড়া ফিমারে প্রথম ক্লোজ ইন্টারলকিং নেইলিং, টিবিয়ায় ক্লোজ ইন্টারলকিং এবং জেলার প্রথম স্পাইন ফিক্সেশন অস্ত্রোপচারের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রায় সাত বছর আগে সাতক্ষীরায় প্রথম পিএলআইডি (প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক) অস্ত্রোপচারও সম্পন্ন করেন তিনি।
ডা. পলাশ জানান, এ পর্যন্ত ১ হাজার ২০০টির বেশি স্পাইন সার্জারিসহ ৫ হাজারেরও বেশি অর্থোপেডিক্স অস্ত্রোপচার করেছেন তিনি।
অর্থোপেডিক্স অস্ত্রোপচার করেছেন তিনি। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি বলেন, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের মানুষের কাছে মেরুদণ্ড ও অর্থোপেডিক্সের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের যেন অযথা দূরবর্তী শহরে যেতে না হয়, সে লক্ষ্যে কাজ করছেন তিনি। দেশের মাটিতে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশমুখী চিকিৎসার প্রবণতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টদের মতে, সাতক্ষীরায় এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির সূচনা জেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক এ চিকিৎসা নিয়মিত ও সহজলভ্য হলে সাতক্ষীরাসহ খুলনা বিভাগের আশপাশের জেলার মেরুদণ্ডের রোগীরা উপকৃত হবেন এবং উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসতে পারে।