শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগীদের নানা অভিযোগ, নিরপেক্ষ তদন্ত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১ নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. আমিরুল ইসলামের বিরুদ্ধে সরকারি খাসপুকুর ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় একদল ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী। এ সময় তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকার লমিয়া তেল পাম্পসংলগ্ন স্থানে এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের ভুক্তভোগী ও স্থানীয় সচেতন ব্যক্তিরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাব খাটিয়ে আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনিয়ম ও কর্মকাণ্ড পরিচালনা করছেন। তাঁর বিরুদ্ধে সরকারি খাসসম্পত্তি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে বলে দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে ক্ষুদ্র সিমলা গ্রামের রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, তাঁদের গ্রামের মসজিদতলা এলাকায় কমিউনিটি ক্লিনিকসংলগ্ন ১৩ বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। পুকুরটির মালিক ৩৭ জন। পুকুর সংস্কারের কথা বলে অস্ত্রের ভয় দেখিয়ে মালিকদের কাছ থেকে চুক্তিপত্র (ডিড) নেওয়া হয়। পরে পুকুরের প্রায় ১২ লাখ টাকার মাটি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পাশের আমশাড়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকারের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, এরপরও পুকুরটি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছে, যার কারণে আশপাশের রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, ক্ষুদ্র সিমলাসহ রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজার কারবার চলছে। এ ছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন, চাঁদাবাজি ও নানা অনিয়মের সঙ্গেও আমিরুল ইসলাম জড়িত বলে অভিযোগ করেন তিনি।

নিজের পরিবারের একটি ঘটনার বর্ণনা দিয়ে রফিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে তাঁর ফুফাতো ভাই রহিম নিজ গ্রামে ১৫ শতক জমি কেনেন। জমি কেনার পর আমিরুল ইসলাম তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। রফিকুলের ভাষ্য, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমিরুল ইসলাম তাঁর অনুসারীদের দিয়ে ওই জমি দখল করে নেন এবং টাকা না দিলে জমি বুঝিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেন। এ ঘটনার মানসিক চাপ সহ্য করতে না পেরে তাঁর ফুফা স্ট্রোক করে মারা যান বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরেক ভুক্তভোগী আব্দুস সালাম শেখ অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের ভিজিএফের ছয়টি চালের কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে আমিরুল ইসলাম তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁকে কোনো কার্ড দেওয়া হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে তাঁকে মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আরেক ভুক্তভোগী সোহেল অভিযোগ করে বলেন, এলাকায় সন্ধ্যার পর থেকে কিছু যুবকের মাধ্যমে ইয়াবা ও গাঁজার কারবার পরিচালিত হচ্ছে। আমিরুল ইসলামের অনুসারীদের একটি অংশ এসব কর্মকাণ্ডে জড়িত বলে তাঁদের অভিযোগ। বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের কাছেও মাদক বিক্রি করা হয়। কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে অস্ত্রের ভয় দেখানো হয় এবং বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে চাঁদা আদায় করা হয় বলেও দাবি করেন তিনি।

সোহেল আরও বলেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমরা চাই, রামকৃষ্ণপুর ইউনিয়নের মানুষ ভয়ভীতিমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে বসবাস করুক।

সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক নামের আরেক ভুক্তভোগী বলেন, ২০২৫ সালের ২৭ এপ্রিল রোববার সকাল ১০টার দিকে সরকার পতনের পর রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ এলাকায় আমিরুল ইসলাম ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছিলেন।

তিনি আরও দাবি করেন, ওই ঘটনার পর সলঙ্গা থানা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিযোগগুলো তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আমিরুল ইসলামসহ তাঁর গ্রুপের সদস্যদের জেলা বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে এরপরও তাঁর কর্মকাণ্ডে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন আব্দুর রাজ্জাক। তিনি এসব অভিযোগের পুনরায় সুষ্ঠু তদন্ত ও যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষের সম্পদ ও অধিকার কেড়ে নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সরকারি খাসসম্পত্তি উদ্ধার, অবৈধ দখল বন্ধ, মাদক কারবারের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ সময় বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে স্থানীয় ভুক্তভোগী, সচেতন এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর