নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বহু বছরের জরাজীর্ণ সড়ক ও ভয়াবহ জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে যাচ্ছে এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় নির্মিত একটি ড্রেন প্রকল্পের সফল সমাপ্তিতে ফলক উন্মোচন এবং অপর একটি নতুন ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ ই অক্টোবর মঙ্গলবার দুপুর ২ টায় কুতুবপুর ইউনিয়নের ‘আহসান উদ্দিন হাই স্কুল’ থেকে ‘আদর্শনগর কালভার্ট’ পর্যন্ত নির্মিত ২৮৭ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণের কাজ সফলভাবে সমাপ্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে এর ফলক উন্মোচন করা হয়। একই সঙ্গে ‘মাতুয়াইল মেডিকেল’ থেকে ‘আদর্শ নগর’ পর্যন্ত ৮০০ মিটার দীর্ঘ নতুন ড্রেন নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে শুভ উদ্বোধন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, এস এম ফয়েজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), নারায়ণগঞ্জ সদর, ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), নারায়ণগঞ্জ সদর,আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, চেয়ারম্যান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, হাজী মুহাম্মদ শহীদুল্লাহ, সহ-সভাপতি, ফতুল্লা থানা বিএনপি।
এছাড়াও উক্ত উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ বিপুল সংখ্যায় অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে এই জরাজীর্ণ ও জলবদ্ধ রাস্তাটির কারণে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম জনদুর্ভোগ পোহাতে হয়েছে। নবনির্মিত ড্রেন এবং নতুন প্রকল্পের মাধ্যমে এলাকাটির দীর্ঘদিনের এই প্রধান সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। দ্রুততম সময়ে এবং কাজের মান বজায় রেখে নতুন প্রকল্পের কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করা হয়। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এমন কার্যকর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা।