পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা
পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে পৌর শহরের নারিচা স্কুলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. মাহাবুল (৩৫) ঈশ্বরদী পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। সে ওই এলাকার মৃত হাজীরুদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঈশ্বরদী শহরে সাবেক ভূমিমন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলুর বাসভবনে তাঁর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের উদ্যোগে রাতে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ঈশ্বরদী থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া যুবলীগের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেদিন কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তীতে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বাসভবনে অনুষ্ঠিত গোপন বৈঠকের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে মাহাবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।