মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আটক -৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীসহ দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শীর্ষ তিন নেতাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সোমবার ১৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঈশ্বরদী ও আটঘরিয়া ছেড়ে ঢাকায় গিয়ে আত্মগোপনে ছিলেন ওই তিন নেতা। ঢাকায় অবস্থান করেও তাঁরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে নিয়মিত যোগাযোগ রাখতেন। পাশাপাশি নিজ নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের ভাষ্যমতে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার জানান, গ্রেপ্তার তিন নেতার মধ্যে আবুল কালাম আজাদ মিন্টু বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপনে ছিলেন। অন্যদিকে মোখলেছুর রহমান মিন্টু ও শহিদুল ইসলাম রতন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর