মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, গ্রেপ্তার ছেলে

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

পাবনার ফরিদপুর উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে সূর্য বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে মো. উদ্দিন সরদারের (৩০) বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সূর্য বেগম লক্ষ্মীকোল গ্রামের লোকমান আলীর স্ত্রী। তাঁদের তিন মেয়ে ও এক ছেলে। ছেলে মো. উদ্দিন সরদার সবার ছোট। উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি মাদকাসক্ত বলে পরিবারের সদস্যদের দাবি। এ কারণে প্রায় তিন মাস আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে উদ্দিন বাড়িতে একাই থাকতেন। অন্যদিকে, তাঁর বাবা লোকমান আলী কয়েক বছর ধরে অন্ধ। কৃষিকাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সকালে সূর্য বেগম বাড়িতে রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন তাঁর কাছে মাদক কেনার টাকা চান। টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো কাচি দিয়ে মায়ের ওপর আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই সূর্য বেগমের মৃত্যু হয়।

হত্যার পর উদ্দিন পাশের একটি বাড়িতে গিয়ে আত্মগোপন করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা কেটে তাঁকে গ্রেপ্তার করে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর