বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

সড়কের ওপর বাজার-বাইকস্ট্যান্ড, হাসপাতালে যাওয়ার পথেই বাধা, ফুটপাত-সড়ক দখল করে চলছে ব্যবসা; যানজটে নাকাল পথচারী ও রোগীরা।

যশোরের অভয়নগর উপজেলার ব্যস্ততম নওয়াপাড়া বাজারের হাসপাতাল রোড এখন অস্থায়ী দোকানপাট, ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্রের দখলে। সড়কের বড় একটি অংশ দখল করে চলছে বেচাকেনা, পাশাপাশি যত্রতত্র দাঁড় করিয়ে রাখা হচ্ছে বিভিন্ন যানবাহন। এতে সংকুচিত হয়ে পড়েছে মানুষের চলাচলের পথ। প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে জনদুর্ভোগ। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী রোগী ও তাঁদের স্বজনদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। স্থানীয়দের মতে, হাসপাতাল রোড শুধু নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কই নয়, এটি উপজেলার তিনটি ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। অথচ দীর্ঘদিন ধরে সড়কের ওপর দোকানপাট ও যানবাহনের অবস্থানের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া বাজারের প্রাণকেন্দ্র নূরবাগ থেকে পশু হাসপাতালের মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে দাঁড়িয়ে আছে ভ্যান ও ইজিবাইক। কোথাও গড়ে উঠেছে অস্থায়ী দোকান, কোথাও আবার সড়কের ওপর পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ভাসমান ব্যবসায়ীরা। দোকান ঘিরে ক্রেতাদের ভিড় থাকায় পথচারীদের চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, সড়কের পাশের কিছু স্থায়ী দোকানদারও নিজেদের দোকানের সামনের জায়গা ছাড়িয়ে রাস্তার অংশ দখল করে ব্যবসা করছেন। ভ্যানে করে কাপড়চোপড়, ফলমূল ও গৃহস্থালির বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে সড়কের উল্লেখযোগ্য অংশজুড়ে। এতে ব্যস্ততম এই সড়কটি কার্যত অস্থায়ী বাজারে পরিণত হয়েছে।

একদিকে দোকানপাট, অন্যদিকে ভ্যান, ইজিবাইক ও মাহেন্দ্রের অবস্থান, সব মিলিয়ে সড়কে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। পথচারীদের অনেক সময় যানবাহনের ফাঁক গলে চলতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দোকানের সামনের সড়ক ভাড়া দেওয়ার অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, হাসপাতাল রোডের অধিকাংশ দোকানদার তাঁদের ব্যবসায়িক ক্ষতি পোষাতে দোকানের সামনের সড়কের অংশ ভাড়া দিয়ে থাকেন। সেখানে ভাসমান ব্যবসায়ীরা দোকান বসান।

এক ভাসমান দোকানি বলেন, “আমার মতো যাঁরা ব্যবসা করেন, তাঁদের অনেকেই স্থায়ী দোকানদারের সঙ্গে নির্দিষ্ট অর্থের বিনিময়ে দোকানের সামনের সড়কের অংশে বসেন। হাসপাতাল রোডের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন রোগী, তাঁদের স্বজন, বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে চলাচলকারী পথচারীরা। জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে গিয়ে যানজট ও সড়ক সংকোচনের কারণে সময় নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাজারে আসা সাধারণ মানুষকেও প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় পথচারী সুজন বলেন, এই রাস্তা দিয়ে হেঁটে চলা অসম্ভব। রাস্তার অর্ধেক পর্যন্ত দোকানদারদের দখলে। এর ওপর পুরো রাস্তায় ভ্যান ও ইজিবাইক দাঁড়িয়ে থাকে। ফলে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। সঙ্গে নিয়মিত যানজট তো রয়েছেই।

তিনি আরও বলেন, সারা দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। অথচ আমাদের এলাকার এই পরিস্থিতির স্থায়ী সমাধান হচ্ছে না। সড়ক দখল ও জনদুর্ভোগের বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বলেন, সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা নয়, হাসপাতাল রোডের সড়ক ও চলাচলের জায়গা স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সড়কের ওপর যত্রতত্র যানবাহন দাঁড় করানো বন্ধ করে নির্ধারিত স্থানে স্ট্যান্ড পরিচালনার ব্যবস্থা করতে হবে। নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলমুক্ত করে পথচারী ও রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর পদক্ষেপ নিলে হাসপাতাল রোডের দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর