পাবনার ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফরিদপুর উপজেলার মৌদ গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২)। তিনি হাদল ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে। একই উপজেলার খাগড়বাড়ীয়া গ্রামের বাকি বিল্লাহর ছেলে মো. সজিব আহমেদ (২৭)। তিনি ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে পুলিশের দাবি। এছাড়া পারফরিদপুর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মো. আব্দুল আলীম (৩৫) গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে আব্দুল আলীমের বিরুদ্ধে অর্থঋণ আদালতের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম, এএসআই জিয়াউর রহমান ও এএসআই নির্মল মুর্মু সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৩ নভেম্বর অভিযান পরিচালনা করেন। এ সময় ২২ নভেম্বর ২০২৫ তারিখে দায়ের করা ফরিদপুর থানার ৬ নম্বর মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে শহিদুল ইসলাম ও সজিব আহমেদকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৪২৭/১১৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল আলীমকেও গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ বলেন, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে এবং পৃথক একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে জেলাতে প্রেরণ করা হয়েছে।