নওয়াপাড়া পৌরসভা ছাড়াও রাজঘাট, তালতলা, সর্দার মিল, ভাঙ্গাগেট, মহাকাল, রথখোলা, চেঙ্গুটিয়া, বুড়োরদোকান, উড়োতলা, চাঁপাতলা, প্রেমবাগ, নগরঘাট, ঘোপেরঘাট, কজমিল, চলিশিয়া, পায়রা, আমডাঙ্গা, ধোপাদী, লক্ষ্মীপুর, মশরহাটি, দেয়াপাড়া ও শংকরপাশাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়লা ও বালুর ডিপো গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় পুকুর, ডোবা, নালা ও কৃষিজমি ভরাট করে এসব ডিপো পরিচালনা করছেন।
উপজেলার মহাকাল গ্রামের বাসিন্দা মাসুদ সরদার জানান, ভৈরব নদের তীরবর্তী মল্লিকবাড়ির ঘাট, তরফদারপাড়ার ঘাট ও ঘোপেরঘাট কালীবাড়ি ঘাটে ব্যাপকভাবে কয়লা ও বালু মজুত করা হচ্ছে। এসব ডিপো থেকে উড়ে আসা কয়লার ধুলা ও বালুর কারণে আশপাশের জনবসতিতে কুয়াশার মতো পরিবেশ তৈরি হয়। ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ কালো ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে। বসতবাড়ির চারপাশে ডিপো গড়ে ওঠায় অনেক পরিবার স্বাভাবিকভাবে বসবাস করতে পারছে না। কেউ কেউ বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
মহাকাল গ্রামের আরেক বাসিন্দা শফিকুর রহমান বলেন, ‘এখানে আমাদের তিন প্রজন্মের বসবাস। কিন্তু কয়লার কারণে এখন নিজের বাড়িতে থাকাই দুঃসাধ্য হয়ে উঠেছে। ঘর-দরজা, আসবাবপত্র, পোশাক—সবকিছু কয়লার ধুলায় কালো হয়ে যায়। এমনকি খাবার টেবিলেও কয়লার ধুলা পড়ে। ভাত ও তরকারির সঙ্গে পর্যন্ত কয়লার গুঁড়া খেতে হচ্ছে।’
সরেজমিনে দেখা যায়, গাছপালা, রাস্তাঘাট, বসতবাড়ি ও আশপাশের স্থাপনায় কয়লা ও বালুর ধুলার আস্তরণ জমে রয়েছে। বাতাসে উড়ে বেড়ানো কালো ধুলা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। স্থানীয়দের অভিযোগ, কয়লার স্তূপে মাঝেমধ্যে আগুন ধরে দুর্গন্ধ ও ধোঁয়ার সৃষ্টি হয়। কয়লার ধুলা মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রবেশ করছে।
১২ কিলোমিটার সড়কের দুই পাশে কয়লার ডিপো
যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া থেকে রাজঘাট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের দুই পাশে, রেললাইনের পাশে, বিদ্যুৎকেন্দ্রের আশপাশে, নদীর তীরে, কৃষিজমি ও পুকুর ভরাট করে এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এসব ডিপো গড়ে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাজঘাট থেকে প্রেমবাগ পর্যন্ত তালতলা, নওয়াপাড়া বাজারের আশপাশ, গুয়াখোলা, কলাতলা, পাঁচকবর, মশরহাটি, ভাঙ্গাগেট, মহাকাল, বালিয়াডাঙ্গা, চেঙ্গুটিয়া ও চাঁপাতলা এলাকায় দেড় শতাধিক কয়লার ডিপো রয়েছে বলে স্থানীয়দের দাবি।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৯ থেকে ১০ লাখ টন কয়লা জাহাজে করে নওয়াপাড়ার বিভিন্ন ঘাটে আসে। প্রায় ২০ থেকে ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কয়লা আমদানি করে। বিপুল পরিমাণ কয়লা মজুত ও পরিবহনের সময় পর্যাপ্ত ধুলা নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বসতভিটা ছেড়েছে শতাধিক পরিবার
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাসিক এলাকার মধ্যে কয়লা মজুত রাখায় দিন-রাত বাতাসে কয়লার ধুলা ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতির কারণে অনেক পরিবার স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। কেউ কেউ ঘরবাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছেন। এলাকাবাসীর দাবি, এ পর্যন্ত শতাধিক পরিবার কয়লার দূষণের কারণে বসতভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
এ ছাড়া কয়লাবোঝাই কার্গো ও বার্জ থেকে নির্গত বর্জ্যে ভৈরব নদের পানিও দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কয়লার ধুলা
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. আলিমুর রাজিব বলেন, কয়লা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। কয়লার সূক্ষ্ম ধুলিকণা শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের রোগের ঝুঁকি বাড়াতে পারে। দীর্ঘসময় এ ধরনের দূষণের মধ্যে বসবাস করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশু, বয়স্ক ও আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি বেশি।
পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ মানা হচ্ছে না?
পরিবেশ অধিদপ্তরের বিধিনিষেধ অনুযায়ী, জনবসতিপূর্ণ এলাকার বাইরে কয়লা সংরক্ষণ এবং ধুলা ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জনবসতি থেকে নির্ধারিত দূরত্ব বজায় রাখা ও উঁচু সীমানাপ্রাচীর দিয়ে ডিপো ঘিরে রাখার বাধ্যবাধকতার কথাও উল্লেখ করেছেন স্থানীয়রা।
তবে অভিযোগ রয়েছে, এসব নিয়মনীতি উপেক্ষা করেই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পাহাড়সমান কয়লার স্তূপ তৈরি করা হচ্ছে। ফলে পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার বিধিবিধান বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আন্দোলন-মানববন্ধনেও মেলেনি স্থায়ী সমাধান
কয়লা ও বালুর ডিপো আবাসিক এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারকলিপি, বিক্ষোভ ও যশোর-খুলনা মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছেন। সরকারের বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, মাঝেমধ্যে সাময়িক পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর পরিস্থিতি চলতে থাকলেও কেন এসব ডিপোর বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সচেতন মহল ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে আবাসিক এলাকা থেকে কয়লা ও বালুর ডিপো সরিয়ে নিতে হবে। পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে সরেজমিন তদন্ত করে অবৈধ ডিপো চিহ্নিত করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, ডিপো পরিচালনার বৈধতা, ধুলা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নদী দূষণের বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তাদের মতে, শিল্প-বাণিজ্যের স্বার্থে জনস্বাস্থ্য ও পরিবেশকে বলি দেওয়া যায় না। নওয়াপাড়ার শিল্প-বাণিজ্যের বিকাশের পাশাপাশি স্থানীয় মানুষের সুস্থভাবে বেঁচে থাকার অধিকারও নিশ্চিত করতে হবে। অন্যথায় কয়লা ও বালুর অবাধ ড্যাম্পিং একসময় অভয়নগরের জনস্বাস্থ্য, পরিবেশ ও স্বাভাবিক জনজীবনের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।