পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভাঙ্গুড়ায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হীরক। সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বরাত আলী, যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল রেজা, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সদস্য আব্দুল মতিন রাজুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে দলের ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন। তারা বলেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
বক্তারা দলের মধ্যে পারস্পরিক সমন্বয়, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে নেতাকর্মীরা পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।