সিরাজগঞ্জের চৌহালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চৌহালীর বেবীস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো, জাহিদ মোল্লা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সাবেক সহসভাপতি আনিসুর রহমান সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকার কথা তুলে ধরেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তারা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের কাঠালবাগান এলাকায় গিয়ে শেষ হয়।