সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন নামে এক সহকারী শিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টায় শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পশ্চিমপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সকালে উল্লাপাড়া বিজ্ঞান স্কুলের পাশে ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন মোশাররফ হোসেন। পথে শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন ব্রিজের পাশে পৌঁছালে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ওভারটেক করার সময় ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন,দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।