“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় চৌহালী সরকারি কলেজের পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, চৌহালীর বিস্তীর্ণ জলাশয় মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নদী-জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মাছের প্রজনন ও বংশবিস্তারের সময়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে প্রশাসন, মৎস্য বিভাগ, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মৎস্যচাষিদের উদ্দেশে বক্তারা বলেন, চাষিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।
স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চৌহালীর যমুনা নদী ও ছোট নদীগুলোতেও বিভিন্ন প্রজাতির মাছের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে।
আলোচনা সভায় জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। বর্তমানে দেশে মাছের উৎপাদন প্রায় ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন। প্রায় ১৪ লাখ নারীসহ দুই কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, থানার এসআই মেহেদী হাসান, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিছ শিকদার, বিআরডিবির চেয়ারম্যান মো. কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাতের উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।