চাটমোহর উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিলসহ নবীন ও চর নবীন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, চাটমোহর থানা পুলিশ ও আনসার সদস্যরা।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলার বিভিন্ন নদী-বিলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এবারের অভিযানে জব্দকৃত চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, চায়না দুয়ারী জালের কারণে মাছ, পোনা মাছ, কাঁকড়া, জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ, পাখিসহ নানা জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। একশ্রেণির অসাধু ব্যবসায়ী এসব জাল ব্যবহার করে সাধারণ জেলেদের দিয়ে মাছ ধরিয়ে থাকেন। এতে ভবিষ্যতে নদী-নালা ও বিলে মাছের ব্যাপক সংকট দেখা দিতে পারে। তিনি জনসাধারণের প্রতি চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।