মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মো. রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

পাবনার চাটমোহর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, খেসারি ও মসুরের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার ১০ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে মোট ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর