‘স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৬ নম্বর খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউপি সচিব মো. জুয়েল রানা, উদ্যোক্তা মো. রাশেদুল ইসলাম ও হুমায়ুন কবির, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, মো. মজনু মিয়া ও মো. নজরুল ইসলাম মকদম, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাইন উদ্দিন, রফিকুল ইসলাম মোল্লা, হুমায়ন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. নাজমা খাতুন, প্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য স্বল্প সময়ে, স্বল্প খরচে ও সহজ পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। গ্রামের ছোটখাটো বিরোধ ও বিরোধসংক্রান্ত মামলা স্থানীয়ভাবে নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের অর্থ, সময় ও ভোগান্তি কমাতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।